কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি রাশিয়ার এই আক্রমণকে "অনিচ্ছাকৃত" বলে উল্লেখ করলেও, মস্কোর ঘটনাটি গোপন রাখার চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আজারবাইজানের প্রাথমিক তদন্ত অনুসারে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিমানটিকে ইউক্রেনীয় ড্রোন ভেবে আঘাত করে। রোববার আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনে আলিয়েভ বলেন, "বিমানটি রাশিয়ার ছোঁড়া গুলিতে ভূপাতিত হয়েছে। এটি ইচ্ছাকৃত নয়, তবে রাশিয়ার আঘাতের কারণেই এটি ঘটেছে।"
তিনি আরও বলেন, "রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি ছোঁড়ার পর বিমানটি ইলেকট্রনিক যুদ্ধকৌশলের কারণে নিয়ন্ত্রণ হারায়। তবে আমরা রাশিয়ার এই ঘটনাটি কয়েকদিন ধরে গোপন করার প্রচেষ্টায় হতাশ।"
গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই "দুঃখজনক দুর্ঘটনার" জন্য ক্ষমা প্রার্থনা করেন। ক্রেমলিন জানায়, ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করার সময় ভুলবশত বিমানটি ভূপাতিত হয়।
তবে শুরুতে রুশ কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছিল। ঘটনাটিকে "বিভ্রান্তিকর ব্যাখ্যা" বলে উল্লেখ করে আলিয়েভ বলেন, "প্রথম তিন দিন আমরা শুধু বিভ্রান্তিকর ব্যাখ্যা শুনেছি, যা হতাশাজনক।"
এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেও নিরীহ যাত্রীদের প্রাণহানির ঘটনায় রাশিয়া ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
0 মন্তব্যসমূহ